২৮ বছর পর বিশ্বকাপ বাছাইপর্বে হারল স্পেন। ১৯৯৩ সালের ৩১ মার্চ ডেনমার্কের কাছে পরাজয় ছিল ২০১০-এর বিশ্ব চ্যাম্পিয়নদের সর্বশেষ। এরপর লা রোহারা ৬৬ ম্যাচ অপরাজিত ছিল বাছাইপর্বে। ভুলতে বসা হারের তিক্ত স্বাদটা স্পেনকে মনে করিয়ে দিল সুইডেন। বৃহস্পতিবার শুরুতে গোল হজম করেও স্বাগতিক সুইডেন ২-১ গোলে হারিয়েছে তাদের। এই জয়ে সুইডেন উঠে এসেছে ইউরোপ বাছাইপর্বের গ্রুপ ‘বি’র শীর্ষে। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৯। এক ম্যাচ বেশি খেলা স্পেন ৭ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুইয়ে।
ফ্রেন্ডস অ্যারেনায় শুরুর পাঁচ মিনিটেই হয়েছে দুই গোল। চতুর্থ মিনিটে স্পেনের হয়ে গোল করেন অভিষিক্ত কার্লোস সোলের। পরের মিনিটেই সমতা ফেরান আলেকজান্ডার ইসাক। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন পূর্ব আফ্রিকার ইরিত্রিয়া বংশোদ্ভূত ফরোয়ার্ড। ৫৬ মিনিটে দ্বিতীয় গোলটি পায় সুইডেন। ডেইয়ান কুলুসেভস্কির বাড়ানো বলে ভিক্টর ক্লাসেন যে গোল করেন তাই জয়সূচক গোল হয়ে থাকে।
ইতালির ড্র, জয় ইংল্যান্ডের
ইউরো চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্টের দু’ধরনের ফলাফল হয়েছে বৃহস্পতিবার। ইউরোপসেরা ইতালি ফ্রেদেরিকো চিয়েসার গোলে ১৬ মিনিটে এগিয়ে গেলেও তা ধরে রাখতে পারেনি। ৩৯ মিনিটে বুলগেরিয়ার আতানাস ইলিয়েভ সমতা ফেরান ম্যাচে। ড্রতে অবশ্য অপরাজিত থাকার রেকর্ড গড়েছে আজ্জুরিরা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এর আগে ছিল ব্রাজিল (১৯৯৩-৯৬) ও স্পেনের (২০০৭-০৯)। সেই রেকর্ডে ভাগ বসাল রবার্তো মানচিনির ইতালি (২০১৮-২১)। তবে ইতালির সামনে সুযোগ থাকছে রেকর্ডটি এককভাবে নিজেদের করে নেওয়ার। রবিবার সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচ তাদের। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষেই আছে আজ্জুরিরা। দ্বিতীয় ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে চতুর্থ স্থানে বুলগেরিয়া। বৃহস্পতিবার প্রীতি ম্যাচে গ্রিসকে ২-১ গোলে হারানো সুইজারল্যান্ড আগের দুই খেলাতেই জিতেছে।
ওদিকে, ইউরো রানার্সআপ ইংল্যান্ড বৃহস্পতিবার ৪-০ গোলে হাঙ্গেরিকে হারিয়ে শতভাগ জয়ের সাফল্য ধরে রেখেছে। ৪ খেলায় ১২ পয়েন্ট নিয়ে আই গ্রুপের শীর্ষে থাকা ইংল্যান্ডের পক্ষে পুসকাস অ্যারেনায় চারটি গোল করেন ৫৫ মিনিটে রাহিম স্টার্লিং, ৬৩ মিনিটে হ্যারি কেইন, ৬৯ মিনিটে হ্যারি ম্যাগুয়ের এবং ৮৭ মিনিটে ডেক্লান রাইস। পরাজিত হাঙ্গেরি ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। আলবেনিয়াকে ৪-১ গোলে হারানো পোল্যান্ড গোল গড়ে তাদের ওপরে। ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আলবেনিয়া। পোলিশদের গোলের সূচনা করেছিলেন রবার্ট লেভানডোস্কি খেলার ১২ মিনিটে। দেশের হয়ে ১২৩ ম্যাচে ৭০ গোল হলো তার।
লুকাকুর জোড়া
রোমেলু লুকাকুর জোড়ায় এস্তোনিয়াকে ৫-২ গোলে হারিয়ে ই গ্রুপের শীর্ষস্থান (৩ ম্যাচে ১০ পয়েন্ট) ধরে রেখেছে ফিফা র্যাংকিংয়ের সেরা দল বেলজিয়াম। নিজেদের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় এস্তোনিয়া। কিন্তু পরে আর পেরে ওঠেনি বেলজিয়ামের সঙ্গে। ২৯ ও ৫২ মিনিটে গোল করেন লুকাকু (৯৯ ম্যাচে তার গোল দাঁড়াল ৬৬)। বেলারুশকে ১-০ গোলে হারানো চেক প্রজাতন্ত্রের সঙ্গে রবিবার নিজেদের মাঠে খেলা বেলজিয়ামের।
জয়ে শুরু ফ্লিকের
নতুন কোচ হান্স ফ্লিকের অধীনে জয় দিয়ে শুরু করল জার্মানি। দুর্বল লিচেনস্টেইনকে ২-০ গোলে হারিয়ে ৪ খেলায় ৯ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। ম্যাচের ৪১ মিনিটে টিমো ভেরনার এবং ৭৭ মিনিটে লেরয় সানে গোল করেন। ইংল্যান্ডের কাছে ইউরোর শেষ ষোলোতে হেরে যাওয়া জার্মানি এর আগে সর্বশেষ বাছাই ম্যাচে মেসিডোনিয়ার কাছে হেরেছিল।
