রাজধানীতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ‘নৌকা ডুবে’ স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫১ এএম

রাজধানীর মানিকদিতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে পুকুরে নৌকা ভ্রমণের সময় ডুবে জাহিদুল ইসলাম ফারদিন (১৮) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে স্বজনদের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় বন্ধুরা ফারদিনকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, ফারদিনের বাবার নাম রফিকুল ইসলাম বাবুল। তিনি পরিবারের সাথে রাজধানীর গোলাপবাগ এলাকায় থাকতেন। ২ ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। স্থানীয় একটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন তিনি।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু আশরাফুল ইসলাম হৃদয় জানান, তারা সন্ধ্যায় ৬ বন্ধু মিলে ঘুরতে বের হয়। বিভিন্ন জায়গায় ঘুরে পরে তারা সবুজবাগ মানিকদি ক্লাব মসজিদ সংলগ্ন একটি পুকুরে যায়। সেখানে একটি নৌকায় উঠেন তিনি, ফারদিন, বাহাউদ্দিন, উজ্জল, আশিক ও রুমান। নৌকাটি চালাচ্ছিলেন রুমান।

পুকুরের মাঝখানে যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। পাঁচজন সাঁতরে তীরে উঠলেও ফারদিনের কোনো সন্ধান পাচ্ছিলেন না তারা। পরে তারা আবার সাঁতরে পানির তল থেকে ফারদিনকে উদ্ধার করে।

এরপর তাকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছোট ভাইয়ের মরদেহ দেখতে পান আব্দুর রাব্বি।

তিনি অভিযোগ করে বলেন, ফারদিনকে ওরা বন্ধুরাই ফোন করে বাসা থেকে ডেকে নিয়েছে। ওরা সবাই মিলে আমার ভাইকে মেরে ফেলেছে।

এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহতের বন্ধুরা জানিয়েছেন তিনি নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। তবে নিহতের স্বজনরা আমাদের কাছে অভিযোগ করেছে। এই কারণে হাসপাতালে আসা তার ৩ বন্ধুকে পুলিশ হেফাজত রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত