দক্ষিণ কোরিয়া পরীক্ষামূলকভাবে ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) উৎক্ষেপণ করেছে। গতকাল মঙ্গলবার দেশটির বার্তা সংস্থা ইয়োনহ্যাপের প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে পারমাণবিক অস্ত্রবিহীন দেশগুলোর মধ্যে এ ধরনের সক্ষমতা সম্পন্ন প্রথম দেশ হয়ে উঠল দক্ষিণ কোরিয়া।
সামরিক সূত্রগুলো উদ্ধৃত করে ইয়োনহ্যাপ বলেছে, গত মাসে নিমজ্জিত একটি বার্জ থেকে একই ধরনের পরীক্ষা চালানোর পর গত সপ্তাহে একটি নতুন দোসান আন চাং-হো ডুবোজাহাজ সফলভাবে পানির নিচ থেকে পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা একটি সামরিক ইউনিটের সক্ষমতার বিস্তারিত নিশ্চিত করতে পারবে না।
