মুক্তিযুদ্ধ জাদুঘরে দুর্লভ স্মারক ও অনুদান গ্রহণ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০১:১৬ এএম

মুক্তিযুদ্ধকালীন কিছু দুর্লভ স্মারক ও সাতটি চিত্রকর্ম গ্রহণ করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। গতকাল শনিবার করোনা স্বাস্থ্যবিধি মেনে জাদুঘর মিলনায়তনে স্মারক ও অনুদান গ্রহণের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সূচনা বক্তব্য দেন জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, শাহরিয়ার কবির, শিল্পী বীরেন সোম, মফিদুল হক, সারা যাকের প্রমুখ।

১৯৭১ সালে দেশান্তরিত শিল্পীদের আঁকা মুক্তিযুদ্ধের তৈলচিত্র নিয়ে প্রদর্শনী হয়েছিল কলকাতা ও দিল্লিতে। তাৎপর্যময় সেই প্রদর্শনীর সাতটি চিত্রকর্ম মুক্তিযুদ্ধ জাদুঘরকে প্রদান করেছেন লেখক শাহরিয়ার কবির। অনুষ্ঠানে শাহরিয়ার কবির বলেন, ‘প্রজন্ম থেকে প্রজন্মে এই স্মারকগুলো মানুষের সামনে মুক্তিযুদ্ধের কথা বলবে। এগুলো যাতে যথাযথভাবে সংরক্ষণ করা হয় সেজন্যই মুক্তিযুদ্ধ জাদুঘরে দেওয়া হয়েছে।’

প্রয়াত অধ্যাপক ড. আনিসুজ্জামানের পরিবার তার রচিত ও সংগৃহীত কিছু বই জাদুঘরকে প্রদান করেছেন। আনিসুজ্জামানের গ্রন্থ হস্তান্তর করেন তার স্ত্রী সিদ্দিকা জামান। মানবাধিকারকর্মী সুলতানা কামাল মুক্তিযুদ্ধের সময় তাকে উদ্দেশ্য করে তার মা কবি সুফিয়া কামালের লেখা একটি চিঠি হস্তান্তর করেন। অনুষ্ঠানে মা সুফিয়া কামালের লেখা সেই চিঠি পাঠ করেও শোনান সুলতানা কামাল। মুক্তিযুদ্ধের সুহৃদ মেরি ফ্রানসিস ডানহ্যাম মূল্যবান স্মারক দিয়েছেন জাদুঘরকে। এছাড়া শহীদজায়া সৈয়দা সালমা হক, অধ্যাপক নাসরীন সুলতানা ও অন্যান্য স্মারকদাতা তাদের সংগ্রহের দলিলপত্র প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত