শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠনের অনুমতি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৮ এএম

দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠন ও নির্বাচনের অনুমতি দিয়েছে সরকার। গত রবিবার স্কুলে পাঠদান শুরুর দিন এক চিঠিতে এই অনুমতি দেয় ঢাকা শিক্ষা বোর্ড।

করোনার সংক্রমণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান দেড় বছর বন্ধ থাকায় পরিচালনা কমিটি গঠন বন্ধ ছিল। এই সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অ্যাডহক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছিল। এমনকি শিক্ষা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের স্বাক্ষরে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর বেতন-ভাতা চালু রাখা হয়েছে। আবার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটিও নেই মাসের পর মাস।

সংক্রমণ কিছুটা কমে আসায় শ্রেণি কার্যক্রম শুরু হলে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠনের অনুমতি দেয় ঢাকা শিক্ষা বোর্ড। মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ম্যানেজিং কমিটি এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের জন্য গভর্নিং বডি গঠন ও নির্বাচনের অনুমতি দেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো চিঠিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের ১৭ মার্চ থেকে  করোনা মহামারীর কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচন কার্যক্রম বন্ধ করা হয়েছিল। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু হওয়ায় গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি গঠন করার জন্য অনুরোধ করা হলো। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় বিভিন্ন শিক্ষা বোর্ডর আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কমিটি গঠনের জন্য শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত