জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি গত ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় বিয়ে করেন। গাজীপুরের ব্যবসায়ী-রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেছেন তিনি। এদিকে বিয়ের পরপরই রাজশাহীতে পাড়ি জমান এই চিত্রনায়িকা। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন মাহি। মাঝে মাঝেই নিজের মনের কথা শেয়ার করছেন।
এদিকে বিয়ের তিন দিনের মাথাতেই মাহির একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শোরগোল পড়েছে তার ভক্ত মহলে। বুধবার সন্ধ্যায় ফেসবুকে মাহি লেখেন, ‘যখন আপনি কাউকে আপনার জীবন থেকে বাদ দেন, তখন তারা মানুষকে পুরো গল্পটি বলবে না, তারা কেবল তাদের সেই অংশটি বলবে যা আপনাকে খারাপভাবে প্রকাশ করবে এবং তাদেরকে নির্দোষ দেখাবে।’
মাহি এই স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করলেও ভক্তরা ধরে নিয়েছেন তিনি সাবেক স্বামী অপুকে কেন্দ্র করেই এই স্ট্যাটাস দিয়েছেন। তার কারণও রয়েছে। সম্প্রতি অপু মাহির বিয়ে নিয়ে মুখ খুলেছেন। কিছুটা অভিযোগের সুরেই অপু গণমাধ্যমকে বলেছেন, তিনি আর মিডিয়ার মেয়ে বিয়ে করবেন না। কারণ মাহিকে বিয়ে করে তিনি যোগ্য মর্যাদা পাননি। এসব কথা মাহির কানে আসতেই হয়তো মাহি এমন স্ট্যাটাস দিয়েছেন।
২০১৬ সালের ২৫ মে মাহি সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন। এ বছর ২৪ মে নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন। কয়েক মাস না যেতেই দ্বিতীয় বিয়ে করলেন মাহি।
