কৃষকের দেড় হাজার লেবুগাছ কেটে দিল দুর্বৃত্তরা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৯ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে এক কৃষকের লেবু বাগান থেকে দেড় সহস্রাধিক লেবু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের দেউলী পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

লেবুচাষি মো. আইয়ুব খান এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতনামাদের আসামি করে মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এদিকে রাতের আঁধারে লেবু বাগান থেকে ফলন্ত লেবু গাছ কেটে ফেলার ঘটনায় ওই এলাকার লেবু চাষিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

 দেউলীপাড়া গ্রামের মো. হাফেজ খানের ছেলে মো. আইয়ুব খান তার বাড়ির দক্ষিণ পাশে ২৫০ শতাংশ জমিতে কয়েক মাস আগে প্রায় দুই হাজার লেবু গাছ লাগান। তার লেবু বাগান থেকে ফলনও পেতে শুরু করেছে।

বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে তিনি বাগান পরিচর্যা করতে গিয়ে দেখতে পান তার জমির প্রায় দেড় হাজার লেবু গাছ কে বা কারা কেটে জমিতে ফেলে রেখেছেন।

আইয়ুব খান বলেন, বুধবার বিকেলে তিনি বাগান পরিচর্যার কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরেছেন। সকালে এসে দেখেন তার বাগানের এই অবস্থা।

মির্জাপুর থানার এসআই রুবেল হোসেন বলেন, এ বিষয়ে তদন্ত করে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত