লক্ষ্মীপুর সদর উপজেলায় সুপারি চুরির প্রতিবাদ করায় বৃদ্ধ দুলাল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মান্দারীর মোহাম্মদ নগর এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১২টার দিকে নিহত দুলাল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদনগর এলাকায় স্থানীয় ইউপি সদস্য মাসুদ আলমের বাগান থেকে হাফিজুর রহমানের ছেলে মেহেদী হাসান ও অজি উল্যাহর ছেলে নাজিম উদ্দিন সুপারি চুরি করে নিয়ে যান।
সুপারি চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর দুলাল হোসেন এ ঘটনার প্রতিবাদ করেন। রাত সাড়ে ১০টার দিকে তাদের বকাবকি করেন।
এতে ক্ষিপ্ত হয়ে দুলাল হোসেনকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে মেহেদী হাসান পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
নিহতের ছেলে রাশেদুল ইসলাম ও প্রতিবেশী হারুনুর রশিদ জানান, মেহেদী হাসান ও নাজিম উদ্দিনসহ একটি চোরচক্র দীর্ঘদিন ধরে এলাকায় সুপারি চুরি করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে মাসুদ আলমের বাগানে সুপারি চুরি করে নিয়ে যান তারা।
রাশেদুল বলেন, সুপারি চুরির প্রতিবাদ করায় তার বাবাকে কুপিয়ে হত্যা করেন মেহেদী হাসানসহ অন্যরা। এ ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম ফজলুল হক জানান, সুপারি চুরির প্রতিবাদ করায় বৃদ্ধ দুলাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত মেহেদী হাসানকে আটক করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারে অভিযান এবং মামলার প্রস্তুতি চলছে।
