যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট মাছবাজার এলাকা থেকে ৩০টি ককটেল ও দেড় কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা তৈরির উপকরণ উদ্ধারের দাবি করেছে র্যাব।
শুক্রবার বেলা ৩টার দিকে র্যাবের বোমা ডিসপোজিং টিম বোমা নিষ্ক্রিয় করে। বিকেল ৪টার দিকে র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহম্মেদ খুলনা থেকে অভয়নগরে ঘটনাস্থল থেকে প্রেস ব্রিফিংয়ে করেন।
ওই সময় তিনি বলেন, গত ১৪ সেপ্টেম্বর বোমা বানাতে গিয়ে শহিদুল ইসলাম শাপ্পা নামে এক ব্যক্তি বিস্ফোরণে মারা যান। এ ঘটনায় র্যাব ও পুলিশ ব্যাপক তথ্য অনুসন্ধানে নামে। র্যাবের গোয়েন্দা অনুসন্ধানে রাজঘাটের শহিদুল ইসলাম শাপ্পার বাড়ির পাশে ডোবার মধ্যে বোমার সন্ধান মেলে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় সেখান থেকে ৩০টি ককটেল ও দেড় কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়। যা দিয়ে অনেকগুলো বোমা তৈরি করা যেত।
বোমা তৈরির উপকরণ নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়ে র্যাব কর্মকর্তা মোসতাক বলেন, কারা কী উদ্দেশ্যে এই বোমা তৈরি ও মজুত করছে তা উদ্ঘাটনের জন্য র্যাব ও পুলিশ কাজ করে চলেছে।
ব্রিফিংকালে র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মাহফুজুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
