বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ আসামির বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যাচেষ্টার মামলায় অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে ২১ নভেম্বর ধার্য করেছেন আদালত।
রবিবার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ এর ফাতেমা ফেরদৌস ২০১৮ সালে পল্টন থানায় করা এই মামলার অভিযোগ গঠনের এই তারিখ ধার্য করেন।
তানভীর আহমেদ খান নামে এই মামলার একজন আসামি মারা গেছেন। থানা কর্তৃপক্ষ আসামির মৃত্যু হলে সংশ্লিষ্ট প্রমাণাদিসহ তার প্রতিবেদন আদালতে দাখিল না করায় মামলাটির অভিযোগ গঠন সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ও জাতীয়বাদী আইনজীবী ফোরামের নেতা ইকবাল হোসেন।
তিনি বলেন, কোনো আসামির মৃত্যু হলে সংশ্লিষ্ট প্রমাণাদিসহ একটি প্রতিবেদন আদালতে জমা দিতে হয়। এ জন্য আসামি পক্ষের আইনজীবীর মাধ্যমে আবেদন করতে হয়। আমরা বিধি মোতাবেক আবেদন করেছি কিন্তু আসামির মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন এখনো সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ আদালতে জমা দেননি। তাই আদালত অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে দিয়ে আগামী ২১ নভেম্বর ধার্য করেছেন।
