‘হোটেল রুয়ান্ডা’ সিনেমার গল্পের নায়কের ২৫ বছরের কারাদণ্ড

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৮ এএম

রুয়ান্ডার রাজনীতিক পল রুসেসাবাগিনা এক সময় হোটেল ম্যানেজার ছিলেন। তার সে সময়ের ভূমিকা সিনেমায় পর্দায়ও দেখা গেছে।

রুসেসাবাগিনাকে হলিউডের ছবিতে ১৯৯৪ সালের গণহত্যাকালীন নায়ক হিসেবে দেখানো হয়েছিল, তাকেই একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সোমবার ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

দলটির বিরুদ্ধে ২০১৮ ও ২০১৯ সালের রুয়ান্ডার দক্ষিণাঞ্চলের হামলার অভিযোগ রয়েছে। ওই সব ঘটনায় ৯ জন মারা যায়।

রুয়ান্ডার বিচারকেরা দীর্ঘ মামলার শুনানিতে পল রুসেসাবাগিনা ও অন্যান্য ২০ জন আসামির বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ বিবেচনা করছেন।

তবে রায় বর্জনের ঘোষণা দিয়ে ‘জালিয়াতি’ বলে উল্লেখ করেন তিনি।

বিখ্যাত ‘হোটেল রুয়ান্ডা’ ছবিতে ৬৭ বছর বয়সী রুসেসাবাগিনাল অভিনয় করেছেন ডন চিডল, যা তার ক্যারিয়ারের অন্যতম অর্জন হিসেবে বিবেচনা করা হয়।

রুয়ান্ডায় গণহত্যা চলার সময় রাজধানী কিগালির একটি হোটেলের ব্যবস্থাপক ছিলেন রুসেসাবাগিনা। গণহত্যায় আট লাখের বেশি তুতসি এবং হুতু নিহত হয়েছিল। রুসেসাবাগিনা সে সময় ১২শ’র মতো মানুষকে হোটেলে আশ্রয় দিয়ে তাদের জীবন বাঁচিয়েছিলেন।

রুসেসাবাগিনা রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামির কড়া সমালোচনাকারী হিসেবে বিশ্বজুড়ে নন্দিত। তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, এ বছর বিচারের জন্য দুবাই থেকে তাকে অপহরণ করা হয়।

তার সমর্থকেরা এই বিচারকে ‘ভাঁওতাবাজি’ বলে উল্লেখ করেন। তাদের মতে, এটি রাজনৈতিক বিরোধীদের প্রতি কাগামির নিষ্ঠুর আচরণের প্রমাণ।

এর আগে সন্ত্রাসবাদ, অগ্নি-সংযোগ, জিম্মি করা ও বিদেশ থেকে সশস্ত্র গ্ৰুপ গঠনসহ ৯টি অভিযোগে তার যাবজ্জীবন কারাদণ্ডের সুপারিশ জানিয়েছেন আইনজীবীরা। 

কাগামির শাসনের বিরোধিতাকারী এমআরসিডি বা রুয়ান্ডা মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জের সদস্য হওয়ার কথা স্বীকার করেছেন রুসেসাবাগিনা। তবে দলটির সশস্ত্র শাখা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বা এফএলএন পরিচালিত সহিংসতার কথা অস্বীকার করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত