লক্ষ্মীপুরে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৭ পিএম

লক্ষ্মীপুর জেলা যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপুসহ ৩০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের মেঘনা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, হাসপাতাল ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ২টায় শহরের একটি রেস্তোরাঁয় জেলা যুবলীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় কেন্দ্রীয় যুবলীগের নেতাদের স্বাগত জানাতে ও নিজেদের অবস্থান জানান দিতে সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে অবস্থান নেন যুবলীগের নেতাকর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে মেঘনা রোড এলাকায় জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহউদ্দিন টিপুর সমর্থকরা ব্যানার-ফেস্টুন নিয়ে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে সেøাগান দেন। এ সময় যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবরের সমর্থকরা একই এলাকায় পাল্টা মিছিল শুরু করেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ নুরুল আজিম বাবর, মাসুম, আবদুল মতিন, লিটন, আবুল কাশেম, বাবর (৫০), তারেক, সৌরভ, জামাল উদ্দিন, খোরশেদ আলম, জামালউদ্দিন, মামুন, সবুজ, হাসেম এবং পথচারীসহ ৩০ জন আহত হন।

সালাহউদ্দিন টিপু বলেন, শান্তিপূর্ণ সভায় ব্যাঘাত ঘটনার লক্ষ্যে আমার ও নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এ সময় ৩০ নেতাকর্মী আহত হয়েছেন এবং আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। সৈয়দ নুরুল আজিম বাবরের নেতৃত্বে বহিরাগতরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ তার। তবে বাবর এ অভিযোগ অস্বীকার করে বলেন, সালাহউদ্দিন টিপুর লোকজন তার (বাবর) পক্ষের লোকজনের ওপর হামলা চালিয়েছে। সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত