মানিকগঞ্জে করোনার উপসর্গ নিয়ে সুবর্ণা ইসলাম রোদেলা নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ মন্নু হাসপাতাল থেকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রোদেলা মানিকগঞ্জ শহরের সুরেন্দ্র কুমার (এস কে) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরজু খানম বলেন, রোদেলা গত ১৫ সেপ্টেম্বর সর্বশেষ স্কুলে গিয়েছিল। তখন তার শরীরে কোনো সমস্যা ছিল না। ওই ছাত্রী বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল। বিতর্ক, আইসিটিসহ অনেক বিষয়ে সে পারদর্শী ছিল। এমন এক ছাত্রীর মৃত্যুতে বিদ্যালয়ের সকলেই শোকাহত।
মুন্নু জেনারেল হাসপাতালের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। সিটি স্ক্যান পরীক্ষার পর ছাত্রীর ফুসফুসে সংক্রমণ শনাক্ত হয়। তার রক্তে অক্সিজেনের মাত্রাও খুবই কম ছিল।
‘সংকটাপন্ন অবস্থা হওয়ায় তাকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা বিশেষায়িত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তার করোনার উপসর্গ ছিল। তাকে ঢাকার কুর্মিটোলা নেওয়ার পথে ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা রোদেলাকে মৃত ঘোষণা করেন।’
সুরেন্দ্র কুমার (এস কে) সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু খানম আরও বলেন, এর আগে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী করোনায় আক্রান্ত হওয়ায় গত শনিবার থেকে বুধবার পর্যন্ত ওই শ্রেণির পাঠদান বন্ধ রাখা হয়।
পরবর্তীতে তার ৫৮ জন সহপাঠীকে করোনা পরীক্ষা করানো হয়। তবে কারও করোনা শনাক্ত না হওয়ায় এবং আক্রান্ত শিক্ষার্থী সুস্থ হওয়ায় বৃহস্পতিবার থেকে ওই শ্রেণির পাঠদান ফের চালু হয়েছে।
