করোনা পরীক্ষা না করে মনগড়া রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় সাক্ষী হাজির করতে না পারায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে শোকজসহ ১৮ অক্টোবর সাক্ষীদের হাজির করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান ও সহকারী পাবলিক প্রসিকিউটর ফেরদ্দৌসী জাহান ফেন্সী জানান, গত তারিখে তিনজনকে সাক্ষ্য দিতে সমন পাঠানো হয়। এর মধ্যে মিরপুর থানার বাসিন্দা মনসুর করিম নামে এক সাক্ষী আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন। অপর দুজন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বাসিন্দা জাকারিয়া হোসেন ও তার স্ত্রী আদালতে হাজির হননি। এই দুই সাক্ষী হাজির করতে না পারার কারণে আদালত সিদ্ধিরগঞ্জ থানার ওসির কাছে ব্যাখ্যা চেয়েছেন।
