ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সহপাঠী কবির আহাম্মেদ কৌশিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন মাস্টার্সের এক নারী শিক্ষার্থী। কৌশিক তিনি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র।
এ বিষয়ে বিচার চেয়ে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রী।
বিষয়টি জানতে তাদের দুজনকে বৃহস্পতিবার ডেকেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।
ওই ছাত্রীর অভিযোগ, তার সহপাঠী পড়াশোনার বিষয়ে আলোচনা করবে- এমন কথা বলে সোমবার তার সঙ্গে দেখা করতে চান। তিনি দুপুরে বিভাগীয় সেমিনার লাইব্রেরিতে দেখা করতে আসলে তাকে তিন দফায় যৌন হয়রানি করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
অভিযোগপত্রে বিশ্ববিদ্যালয়ের ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করলে অভিযোগের প্রমাণ পাওয়া যাবে বলে দাবি করেন তিনি।
অভিযোগের একটি অনুলিপি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিমের কাছে জমা দিয়েছেন ওই ছাত্রী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী জানান, ওই ছাত্রীর অভিযোগ পেয়েছি। তদন্তের পর অভিযোগের প্রমাণ পেলে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ বৈকল্য বিভাগের সভাপতি তাওহীদা জাহান বলেন, অভিযোগটি আমরা আমলে নিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।
অভিযোগের বিষয়ে কবির আহাম্মেদ কৌশিক গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আসলে মিস বিহেইভ করেছিলাম তার সঙ্গে। প্রক্টর অফিসে গেলে কথা বলব। এটা উচিত হয়নি আমার।’
