১৪০টি সাংস্কৃতিক সংগঠনের প্রায় সাড়ে তিন হাজার শিল্পী ও কলাকুশলী অংশগ্রহণ করবেন গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে উপজীব্য করে ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে এই সাংস্কৃতিক উৎসব। গতকাল বুধবার উৎসবের আয়োজকরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাঁচটি মিলনায়তন ও উন্মুক্ত মঞ্চে ১২ দিনব্যাপী বর্ণাঢ্য এ উৎসবে থাকছে মঞ্চনাটক, পথনাটক, মূকাভিনয়, নৃত্যালেখ্য, সংগীতালেখ্য, আবৃত্তি প্রযোজনা, দলীয় সংগীত, একক সংগীত, দলীয় আবৃত্তি, একক আবৃত্তি, দলীয় নৃত্য, ধামাইল গান, গম্ভীরা, বাউল গান, শিশু-কিশোর পরিবেশনা।
আগামীকাল শুক্রবার উৎসবের উদ্বোধন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অতিথি থাকবেন আসাদুজ্জামান নূর, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ, লিয়াকত আলী লাকীসহ অনেকে। স্বাগত বক্তব্য দেবেন উৎসব পর্ষদের সদস্য সচিব আকতারুজ্জামান এবং সভাপতিত্ব করবেন উৎসব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ। উদ্বোধনী পরিবেশনায় থাকবে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত এবং নান্দনিক কোরিওগ্রাফি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোলাম কুদ্দুছ, আকতারুজ্জামান, আহাম্মেদ গিয়াস, খোরশেদুল আলম, মানজারুল ইসলাম সুইট, মীর জাহিদ হাসান, মো. শাহনেওয়াজ, দিবেন্দু উদাস, আজহারুল হক আজাদ, হানিফ খান, নিয়াজ আহমেদ, তারেক আলী মিলন, স্বপন চৌধুরী, সালাহউদ্দিন সোহাগ, খোকন হাসান চান, সামসুদ্দিন শাকিল প্রমুখ।
