চট্টগ্রামের সাঙ্গু নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সংঘর্ষে কমপক্ষে ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সাতকানিয়া উপজেলার চরতী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকাল ১১টার দিকে স্থানীয় কৃষকরা সাঙ্গু নদী থেকে তাদের জমিতে বালু উত্তোলনের প্রতিবাদ করলে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের লোকজনের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘গুলিবিদ্ধরা সবাই কৃষক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
ওসি আরও জানান, কারা গুলি চালিয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
তবে, ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস ডেজার্টের এক কর্মকর্তা তাদের লোকজনের সঙ্গে কোনো সংঘর্ষ হয়নি বলে দাবি করেছেন।
