গোপালগঞ্জ জেলা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরাতন লং ঘাটের গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে অংশ নিতে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন শহরের পুরাতন লঞ্চঘাট গোলচত্বর এলাকায় জড়ো হন। মিছিল চলাকালে বা এর প্রাক্কালে দুই গ্রামের দুই যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। মুহূর্তেই এই উত্তেজনা দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়ায় ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে। সংঘর্ষে দুই গ্রামের অন্তত ১৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সবাই পালিয়ে যান।
ককটেলের স্প্লিন্টারের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান প্রান্ত, চাঁন মিয়া মোল্লার ছেলে রাকিবুল মোল্লা, সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা এবং কোভিদ মোল্লার ছেলে জাহিদ মোল্লা। স্প্লিন্টারে আহত সবার বাড়ি চর মানিকদাহ গ্রামে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং বিস্তারিত জেনে এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।