‘সিসিটিভির ফুটেজে কাঁচি হাতে দেখা গেছে শিক্ষক ফারহানাকে’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৫ পিএম

সিরাজগঞ্জের শাহাজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কাটার ঘটনার দিনের সিসিটিভির ফুটেজে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে ক্যাম্পাসে কাঁচি হাতে ঘুরতে দেখা গেছে বলে জানিয়েছেন ঘটনার তদন্ত কমিটির সভাপতি এবং রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল।

তিনি বলেন, ঘটনাস্থলে একটি সিসি ক্যামেরা লাগানো ছিল। ওই ক্যামেরার ফুটেজ আমাদের হাতে এসেছে। ফুটেজে কাঁচি হাতে ঘুরতে দেখা যায় শিক্ষক ফারহানা ইয়াসমিনকে।

‘আমরা তদন্ত কমিটির সদস্যরা মিলে ইতিমধ্যে একাধিক বৈঠক করেছি। আজও বৈঠক করব। আশা করছি আগামীকালের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে পারব।’

এর আগে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভাগের চেয়ারপারসন, সহকারী প্রক্টর ও সিন্ডিকেট সদস্য পদ থেকে তিনি পদত্যাগ করেন।

এদিকে ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী পালন করছে আমরন অনশন কর্মসূচি। এর মধ্যে ৪ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, গত রবিবার পরীক্ষার হলের দরজার সামনে তিনি কাঁচি হাতে দাঁড়িয়ে ছিলেন। কক্ষে ঢোকার সময় শিক্ষার্থীদের মধ্যে যাদের চুল মুঠোর মধ্যে ধরা গেছে, তাদের মাথার সামনের খানিকটা তিনি কেটে দেন।

‘চুল কেটে দেওয়ায় অপমান সইতে না পেরে’সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের প্রথম বর্ষের যে শিক্ষার্থী ঘুমের বড়ি খেয়ে সোমবার রাতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বুধবার রাতে তিনি ছাত্রাবাসে ফিরেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত