বাবা-মায়ের অনুপস্থিতিতে ১০ মাসের শিশুর ওপর গৃহকর্মীর নির্মম নির্যাতনের দৃশ্য ধরা পড়েছে সিসিটিভির ফুটেজে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার মেচগ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ওই গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে।
আনন্দবাজার জানায়, পাঁশকুড়ার মেচগ্রামের বাসিন্দা দেবাশিস দাস এবং তার স্ত্রী নবমিতা ভট্টাচার্য। পেশায় চিকিৎসক দেবাশিস বাঁকুড়া জেলায় কর্মরত। স্ত্রী নবমিতাও সরকারি চাকরিজীবী।
এই দম্পতি তাদের ১০ মাসের মেয়েকে পরিচারিকার কাছে রেখে কাজে যেতেন। তবে বাড়িতে সন্তানকে পরিচারিকা কেমন যত্নে রাখে, তা জানতে সিসি ক্যামেরা লাগান ওই দম্পতি। অবশ্য সিসি ক্যামেরায় নজরদারির বিষয়টি জানতেন না গৃহকর্মী কল্পনা সেন।
সম্প্রতি সিসিটিভি’র ফুটেজ খতিয়ে দেখতে গেলে বের হয়ে আসে শিশুটিকে গৃহকর্মীর নির্মম নির্যাতনের ঘটনা।
এতে দেখা যায়, ১০ মাসের শিশুটিকে কোনো অজুহাত ছাড়াই নিয়মিত অত্যাচার চালাচ্ছেন গৃহকর্মী। তাকে মাথার ওপর তুলে বিছানার ওপর সজোরে আছাড় মারতেও দেখা গেছে কল্পনাকে।
এমন নির্যাতনের দৃশ্য দেখে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। ভিডিও ফুটেজ দেখে পুলিশ প্রথমে কল্পনাকে আটক করে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
