শিশু কিশোররা মোবাইল গেম আসক্তি ব্যাপক হারে বেড়ে গেছে। এ অবস্থা থেকে উত্তরণে শেরপুর ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিকে দত্ত ঘোষণা দেন, জেলার যে ছেলেমেয়েরা অঙ্গীকার করবে তারা মোবাইল ফোনে গেম না খেলে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা খেলবে। সাঁতার শিখবে। তাদের খেলার জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হবে। দেওয়া হবে প্রশিক্ষণ।
সারা জেলায় বিলি করা হবে এক ট্রাক ফুটবল। অভিনব এমন ঘোষণায় ব্যাপক সাড়া মেলে। অসংখ্য ছেলেমেয়ে মোবাইল ছেড়ে খেলাধুলা করতে মাঠে আসে। বিভিন্ন স্থান থেকে মানিক দত্তের কাছে সহযোগিতা স্বরূপ বল পাঠানো হয়। বিশাল সংখ্যার বলের চাহিদা মেটাতে নানাজন মানিক দত্তের হাতে বল তুলে দেয়। ইতিমধ্যে প্রায় এক ট্রাক বল জমা হয়ে গেছে।
এরই অংশ হিসেবে শনিবার বিকেলে শেরপুর মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা একশ বল তুলে দেন মানিক দত্তের হাতে। বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ।
মানিক দত্ত জানিয়েছে অনেক বল পেয়েছি। দুই-চার দিনের মধ্যে ট্রাকে ভরে এক ট্রাক বল জেলার বিভিন্ন স্থানে বিলি করা হবে।
ইউএনও ফিরুজ আল মামুন বলেন, আজকের শিশু কিশোররা আমাদের আগামীর ভবিষ্যৎ। মোবাইল ছেড়ে মাঠে আসা শিশু কিশোরদের জন্য কিছু করতে পারা সত্যিই আনন্দের ব্যাপার।
