নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগে মো. রাহাত নামে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রাহাত ফতুল্লা মডেল থানার কাশিপুর হাজীপাড়া দেওয়ান বাড়ির মামুন মিয়ার পুত্র।
রবিবার সকালে তাকে জেলার বন্দর থানার ১নং খেয়াঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ সময় উদ্ধার করা হয় অপহৃত কিশোরীকে। এর আগে অপহৃত কিশোরীর ভাই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ সকাল ৯টার দিকে বাদীর বোন বাসার পার্শ্বে উজ্জ্বলের মুদি দোকানে প্রয়োজনীয় কিছু কেনার জন্য যায়। পথিমধ্যে গ্রেপ্তারকৃত রাহাতসহ অজ্ঞাতনামা তার ৪-৫ জন সহযোগী তার বোনের পথরোধ করে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে পঞ্চবটীর দিকে চলে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দর থানার বন্দর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী রাহাতকে গ্রেপ্তার করেন।
