বনানীতে জি এম কাদের

নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা নেই

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ০১:৫৮ এএম

দেশে নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা এখন শূন্যের কোঠায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, ‘যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারাই নির্বাচন কমিশনকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। এভাবে চলতে থাকলে দেশের মানুষ রাজনীতিতে আসবে না, ভোটকেন্দ্রে মানুষ ভোট দিতে যাবে না।’

গতকাল রবিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে পল্লীবিদ্যুৎ সমিতির সাবেক সিনিয়র জিএম সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ জাতীয় পার্টিতে যোগ দেওয়ার পর অনুষ্ঠিত এক সভায় এসব এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘সাংবিধানিকভাবেই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করা হয়েছে। তাই কাউকে দোষারোপ করা যায় না। সংবিধান অনুযায়ী দেশের নির্বাহী বিভাগ, আইন সভা ও বিচার বিভাগের প্রায় ৯০ ভাগই রাষ্ট্রপতির মাধ্যমে এক ব্যক্তির হাতে। তাই বর্তমান সরকারব্যবস্থাকে কোনোভাবেই গণতান্ত্রিক বলা যায় না। ১৯৯১ সালের পর যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা দেশের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিল, তা বাস্তবায়ন করতে পারেনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত