কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরের গেস্ট হাউসের মেঝে ঝাড়ু দিতে দেখা গেছে।
উত্তরপ্রদেশের লাখিমপুরের খেরি যাওয়ার পথে আটকের পর তাকে সেখানে রাখা হয়েছিল।
ইন্ডিয়া টুডে জানায়, আজ (সোমবার) ভোরে প্রিয়াঙ্কা গান্ধী এবং একদল কংগ্রেস নেতাকে লাখিমপুরের খেরি যাওয়ার পথে আটক করা হয়েছিল।
প্রিয়াঙ্কা গান্ধীকে সীতাপুরের একটি গেস্ট হাউসে রাখা হয়। যেখানে তাকে মেঝে ঝাড়ু দিতে দেখা গেছে।
কৃষক বিক্ষোভে হতাহতের ঘটনায় উত্তরপ্রদেশের লখিমপুরে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস সাধারণ সম্পাদক।
এ সময় সোমবার ভোর ৫টায় সীতাপুরে তার সঙ্গে থাকা কংগ্রেস আইনপ্রণেতা দীপেন্দর হুডাকেও আটক করা হয় বলে জানিয়েছে দ্য হিন্দু।
বিজেপি সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রার গাড়িবহরে থাকা লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আটজনের মৃত্যুর পরে রবিবার রাতেই লখিমপুর খেরির উদ্দেশে রওনা দেন প্রিয়াঙ্কা গান্ধী।
আনন্দবাজার জানায়, সীতাপুরে তার গাড়িবহর আটকে তাকে উত্তরপ্রদেশের পুলিশ আটক করে। প্রিয়াঙ্কাকে শারীরিক নিগ্রহ করা হয়েছে বলেও অভিযোগ করেছে কংগ্রেস। তার হাতে হাতকড়াও পড়ানো হয়।
গাড়িবহর আটকানোর পরে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান কংগ্রেস নেত্রী। তিনি পুলিশের কাছে জানতে চান, তাদের কাছে ওয়ারেন্ট রয়েছে কিনা।
রবিবার রাতে অবশ্য লখিমপুরে যেতে পারেননি প্রিয়াঙ্কা। তাকে আটক করে সীতাপুরে নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে তাকে ছেড়ে দেয় পুলিশ।
