মাদকসহ ছেলে আরিয়ান গ্রেপ্তারের পর কটাক্ষের মুখে পড়তে হয়েছে শাহরুখ খানের পরিবারকে। তবে তার পক্ষে বলিউডে অনেকে তারকাকে সবর হতে দেখা গেছে। অনেকে গেছেন কিং খানের বাড়িতে।
এবার আরিয়ানের গ্রেপ্তারি নিয়ে হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান খানের করা মন্তব্য ভাইরাল হয়েছে। তার মতে, আরিয়ানের গ্রেপ্তার আসলে ‘ডাইনি খোঁজা’র মতো বিষয়!
নেটিজেনদের সঙ্গে সুর মিলিয়ে সংবাদমাধ্যমের সামনে লেখক শোভা দে’র বক্তব্য ছিল, ‘এই ঘটনার পর সবার বিশেষ করে অভিভাবকদের নড়েচড়ে বসা উচিত।’ ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, ‘জরুরি’।
সেই ভিডিওর মন্তব্যের ঘরে সুজান লেখেন, “আরিয়ানকে গ্রেপ্তার করা আসলে ‘ডাইনি খোঁজা’র মতো। এখানে আরিয়ানের কোনো ভূমিকা নেই। সে কেবল ভুল সময়ে ভুল জায়গায় ছিল। এ রকম ঘটনা দুঃখজনক। কারণ আরিয়ান খুবই ভালো ছেলে। আমি গৌরী এবং শাহরুখের পাশে আছি।”
শোভার অনেক অনুরাগীও আরিয়ানের সমর্থনে এগিয়ে এসেছেন, আবার অনেকে মতবিরোধও প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, শনিবার রাতে মুম্বাইয়ের কাছে আরব সাগরে ভাসমান এক প্রমোদ তরী থেকে আটক করা হয় শাহরুখ খানের ছেলে আরিয়ানকে। পার্টিতে মাদক সেবনের অপরাধে আটক করা হয় তাকে। তারপর টানা ১৬ ঘণ্টা জেরার পর রবিবার দুপুরে গ্রেপ্তার করা হয় আরিয়ান ও তার দুই বন্ধুকে। আদালতের তরফে তিন অভিযুক্তকেই ৭ অক্টোবর পর্যন্ত হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
