নিজেকে বুদ্ধি প্রতিবন্ধী দাবি করেও মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন না যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিজৌরির এক ব্যক্তি। হত্যার দায়ে ৬১ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু দণ্ডাদেশ দেয় সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার লিথ্যাল (প্রাণঘাতী) ইনজেকশন দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কৃষ্ণাঙ্গ ওই ব্যক্তির নাম আর্নেস্ট জনসন।
জনসনের আইনজীবীরা বারবার এই মৃত্যুদণ্ড কার্যকর না করার অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে। বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যুদণ্ড কার্যকর সংবিধানের ১৮তম সংশোধনের লঙ্ঘন বলে উল্লেখ করেন তারা।
এমনকি জনসনের মৃত্যুদণ্ড কার্যকর না করতে অনুরোধ জানান স্বয়ং পোপ ফ্রান্সিস। যুক্তরাষ্ট্রে নিয়োজিত ভ্যাটিকানের দূত গত সপ্তাহে পোপের পক্ষে গভর্নরের কাছে লেখা এক চিঠিতে এই মৃত্যুদণ্ড কার্যকর না করার অনুরোধ জানান।
তবে মিজৌরির রিপাবলিকান গভর্নর মাইক পার্সন সোমবার মৃত্যুদণ্ড কার্যকর না করার অনুরোধ প্রত্যাখ্যান করেন। তিনি জানান, রাজ্য ন্যায়বিচার ও জনসনের বৈধ মৃত্যুদণ্ড কার্যকরের জন্য প্রস্তুত।
তিনজন জুরি জনসনের বিষয়টি পুনরায় পর্যালোচনা শেষে মৃত্যুদণ্ড কার্যকরের সুপারিশ করেছেন বলে জানান তিনি।
১৯৯৪ সালে মিজৌরির কলম্বিয়ায় ডাকাতির সময় স্টোরের তিন কর্মীকে হত্যার অভিযোগে জনসন দোষী সাব্যস্ত এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।
তার মা গর্ভাবস্থায় প্রচুর পরিমাণ মদ পান করায় ভ্রূণ অ্যালকোহল সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করেন জনসন। মস্তিষ্কের টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচারের পর ২০০৮ সাল থেকে তার মস্তিষ্কের টিস্যুর এক পঞ্চমাংশ হারিয়ে যায়।
