নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাসিয়া আক্তার নামে দেড় বছরের এক শিশু আহত হয়।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন বয়রা গ্রামের আইয়ুব আলী (৪৯), তার স্ত্রী আবেদা আক্তার (৪০) এবং ওই দম্পতির মেয়ে পিংকি আক্তার (২২)। পিংকি আক্তারের দেড় বছরের মেয়ে তাসিয়া আক্তারকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আইয়ুব আলী তার নবনির্মিত ঘরের দেয়ালে পানি দিতে গিয়ে সেখানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী আবেদা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মা ও বাবাকে বাঁচাতে গিয়ে পিংকিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় পিংকির কোলে ছিল তার দেড় বছরের মেয়ে তাসিয়া আক্তার। পিংকি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাসিয়া তার কোল থেকে ছিটকে পড়ে গিয়ে আহত হয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।
খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রসেনজিৎ দাস জানান, হাসপাতালে আনার আগেই ওই দম্পতি ও তার মেয়ের মৃত্যু হয়েছে। আহত শিশুটির অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
