ভালুকা-শ্রীপুরের সীমান্ত এলাকা থেকে গালা কাটা অবস্থায় রিয়াজ উদ্দিন (৪৫) নামে এক অটোরিকশা চালককে ভালুকা মডেল থানা-পুলিশ বুধবার রাত ২টায় উদ্ধার করেছে।
তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ভালুকা মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার হাজীরচালা এলাকার বাসিন্দা আব্দুল বাতেনের ছেলে অটো রিকশাচালক রিয়াজ উদ্দিনকে বাড়ির পাশ থেকে যাত্রী বেশে কয়েকজন দুর্বৃত্ত ভাড়ায় চুক্তি করে রাত ১২টার সময় জয়নাবাজার উদ্দেশ্যে রওনা দেয়।
আবদারের সিপির গেইট পার হওয়ার পর ফাঁকা জায়গায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে অটোরিকশা চালক রিয়াজ উদ্দিনের মুখ-গলায় আঘাত করে।
এ সময় সিপি কোম্পানির নৈশপ্রহরীরা ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা অটোরিকশা ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ গলাকাটা অবস্থায় রিয়াজ উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু সাঈদ জানান, শ্বাসনালি কাটা অবস্থায় পুলিশ এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, রাতে খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় অটোচালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি যেহেতু শ্রীপুর উপজেলায় মামলাটি শ্রীপুর থানা-পুলিশ তদন্ত করছে।
