চট্টগ্রামের সীতাকুণ্ডে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছোট-দারোগারহাট বাজারের পশ্চিমে পূর্ব লালানগর গ্রামের ছড়ার পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম জানান, সকালে সিএনজি অটোরিকশাতে গ্যাস ভরতে যাচ্ছিলেন একজন সিএনজি চালক। ওই নারীর মরদেহটি তিনিই প্রথম দেখেন। তিনি এলাকাবাসীকে বিষয়টি জানান।
এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যানকে জানালে তিনি থানায় অবহিত করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, লাশের মাথায় ধারালো বস্তুর কোপের চিহ্ন রয়েছে ও ডান হাতের আঙুল কাটা ছিল। শরীরের ওপরের অংশে বোরকার একটি ছোট অংশ ছাড়া আর কোনো কাপড় ছিল না মরদেহে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি জানান, লাশের মাথায় গভীর ক্ষত ছিল। পেট কেটে নাড়িভুঁড়ি বেরিয়ে এসেছিল। এছাড়া ডান হাতের আঙুলও কাটা ছিল।
