বাগেরহাটে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সিরাজুল ইসলাম মনক (৪৫) নামে এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট শহরের কৃষ্ণনগর এলাকায় এই ঘটনা ঘটে। তবে কারা কি কারণে ঠিকাদার সিরাজুলকে গুলি করেছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অস্ত্রধারী দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠিয়েছেন চিকিৎসকেরা।
গুলিবিদ্ধ সিরাজুল ইসলাম মনক শহরের কৃষ্ণনগর এলাকার প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মিরাজুল করিম বলেন, সিরাজুল ইসলাম নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ওই ব্যক্তির ডান পায়ের ঊরুতে একটি গুলির ক্ষত চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আসাদুজ্জামান বলেন, শুক্রবার সন্ধ্যায় ঠিকাদার সিরাজুল ইসলাম মনক কৃষ্ণনগর এলাকায় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে থাকা ঠিকাদার সিরাজুলকে লক্ষ্য করে প্রথমে একটি গুলি ছোড়ে। সেই গুলি লক্ষ্যভেদ হলে আবারও অস্ত্রধারীরা গুলি চালায়। তার একটি গুলি সিরাজুলের ডান পায়ের কোমরের নিচে ঊরুতে বিদ্ধ হয়।
তিনি আরও বলেন, গুলি করে ওই অজ্ঞাত বন্দুকধারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে গুলিবিদ্ধ সিরাজুলকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে, কারা কি কারণে এই ঠিকাদারকে গুলি করে হত্যার চেষ্টা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অস্ত্রধারীদের শনাক্ত করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।
