শ্রীপুরে ফের রিসোর্ট থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০৩:৫৩ পিএম

গাজীপুরের শ্রীপুরে রিসোর্ট থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর মডেল থানা-পুলিশ। উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সারাহ নামের ওই রিসোর্টের ভেতর থেকে জিল্লুর আহমেদ (৬৮) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হলেও পরিবারের পক্ষ থেকে থানা-পুলিশকে লিখিত আকারে বিষয়টি অবহিত করা হয়েছে।

নিহতের ভাতিজা পুলিশকে লিখিত আকারে জানান বিষয়টি। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয়রা এ মৃত্যুকে রহস্যজনক বললেও পরিবারের সদস্যরা বলছেন হার্ট অ্যাটাকেই স্বাভাবিক মৃত্যু হয়েছে তার ।

নিহত জিল্লুর আহমেদ ঢাকার গুলশানের এন ই কে ১০/বি এলাকার জহুরুল হকের ছেলে। পারিবারিক সময় কাটাতে এ রিসোর্টে তারা শুক্রবার আসেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

 নিহতের ভাতিজা ইরতেজা আহমেদ লিখিতভাবে পুলিশকে জানান, পরিবারের সদস্যরা শুক্রবার ৮ অক্টোবর রিসোর্টে বেড়াতে আসেন। রাতে গল্প, খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে ঘুমাতে যান। পরে রাতেই নিহতের বড় ভাইয়ের রুমের দরজায় ধাক্কা দিচ্ছেন এমন শব্দ শুনে দরজা খুলতেই দেখেন জিল্লুর আহমেদ অসুস্থ অবস্থায় কাতরাচ্ছেন। পরে আমাদের সঙ্গে থাকা এক ডাক্তার বলেন তার হৃদক্রিয়ায় (হার্ট অ্যাটাক) ত্রুটি। কোনো কিছু বুঝে ওঠার আগেই জিল্লুর আহমেদ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয়রা এ ঘটনাকে রহস্যজনক বলছেন। এর আগেও এই  সারাহ রিসোর্টে মদ্যপানে তিনজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে সারা দেশে হইচই পড়ে গিয়েছিল।

গত ৩০ জানুয়ারি এ রিসোর্টে ওই তিনজনের মৃত্যু হয় অতিরিক্ত মদ্যপানে। স্থানীয়দের অভিযোগ এ রিসোর্টে নিয়মিত মদ্যপানের আসর বসে।

সারাহ রিসোর্টের ব্যাংকিং ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন জানান, এটি একটি স্বাভাবিক মৃত্যু। অসুস্থ হয়ে হার্ট অ্যাটাকে মারা যান জিল্লুর আহমেদ এটি নিশ্চিতি করেন তাদের সঙ্গে থাকা একজন চিকিৎসক।

তিনি মদ সরবরাহের বিষয়টি অস্বীকার করে বলেন, এ রিসোর্টে কোনো মদ বা কোনো অ্যালকোহল জাতীয় পদার্থ সরবরাহের কোনো ব্যবস্থা নাই।

শ্রীপুর থানার মডেল থানার এসআই মো. আরশাদ বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

শ্রীপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন দেশ রূপান্তরকে জানান, এমন একটি মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে হার্ট অ্যাটাকে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আমরা আরও গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত