নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে ফতুল্লার মুসলিম নগর এতিমখানার রোডের সালাউদ্দিনের ভাড়া বাসায় ধর্ষণের ঘটনাটি ঘটে।
এ ঘটনায় কিশোরীর নানি বাদী হয়ে শনিবার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ মামলার সূত্রধরে দুপুরে অভিযুক্ত যুবক খলিলুর রহমানকে (২১) গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার খলিলুর রহমান সালাউদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া এবং গাইবান্ধা জেলার সাঘাটা থানার যোগিপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান জানান, বাদী তার স্বামী ও নাতনিকে নিয়ে ফতুল্লার মুসলিমনগর এতিমখানা রোডের সালাউদ্দিনের বিল্ডিংয়ে ভাড়ায় বসবাস করেন। অপরদিকে গ্রেপ্তার খলিলুর রহমানও একই বিল্ডিংয়ে পাশাপাশি ভাড়ায় বসবাস করেন। খলিলুর একটি গার্মেন্টসে কাজ করেন। পাশাপাশি বসবাস করার সুবাদে তাদের সু-সম্পর্ক ছিল।
তিনি আরও জানান, ঘটনার দিন দুপুর ২টার দিকে বাদীর স্বামী ভ্যান গাড়ি নিয়ে নিজ কর্মস্থলে ছিলেন এবং বাদী শাক তুলতে বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে খলিলুর বাদীর নাতনিকে মুখ চেপে তার রুমে জোড়পূর্বক নিয়ে গিয়ে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করেন।
অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
