শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়েছে: সালমান এফ রহমান

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০৯:২১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

তিনি বলেছেন,  ২০০৯ সালে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়ে ছিল তখন বিএনপি-জামায়াত হাসাহাসি করে বলেছিল কীভাবে সম্ভব। আজ ২০২১ সাল শেখ হাসিনার কঠোর পরিশ্রমে স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে।

শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইসিটি উদ্যোক্তাগণের সঙ্গে মতবিনিময় সভা ও ইনফো-সরকার (৩য় পর্যায়) প্রকল্পে নবাবগঞ্জ ও দোহার উপজেলার ২২টি ইউনিয়নের কানেকটিভিটি উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০২১ সাল বিশ্বের কাছে বাংলাদেশ স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শিতায় ১২বছরের মধ্যে দেশটাকে বিশ্বের দরবারে উঁচু মর্যাদায় পৌঁছে দিয়েছে।

মন্ত্রী আরও বলেন, প্রযুক্তিতে জ্ঞানচর্চার জন্য স্কুল কলেজের ছেলে মেয়েদের জন্য বাংলাদেশে ৮ হাজার ডিজিটাল কম্পিউটার ল্যাব পৌঁছে দিয়েছে সরকার। দেশে ৩৯টি হাইটেক পার্কের কাজ হাতে নিয়েছে সরকার।

নবাবগঞ্জ উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার বিষয়ে আশ্বাস দিয়ে তিনি বলেন, ২০২৩ সালে তা দৃশ্যমান হবে। এ সময় মন্ত্রী উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানেরও আশ্বাস দেন। এর আগে মন্ত্রী শেখ কামাল আইটি পার্ক এর জন্য প্রস্তাবিত জমি ও হাইটেক পার্ক স্থাপনের জন্য উপযুক্ত স্থান পরিদর্শন করেন । পরে বিকেলে এমপি সালমান এফ রহমান যন্ত্রাইল ইউনিয়নে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এ ছাড়াও নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। পরে উপদেষ্টা দোহারে উপজেলা পরিষদের ডরমিটরি উদ্বোধন করেন। এ ছাড়া পরিষদের সভা কক্ষে  নবাবগঞ্জ ও দোহারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিকর্ণ কুমার ঘোষ, অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জনগুহ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত