মেহেরপুরে ৫টি বোমাসদৃশ বস্তুসহ দেশি অস্ত্র উদ্ধার

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১২:০৭ এএম

মেহেরপুর সদর উপজেলার বারাকপুর গ্রামের চঞ্চল ব্রিকস নামে ইটভাটার অফিস ভবনের ছাদ থেকে ৫টি বোমাসদৃশ বস্তু এবং ১২টি রামদা ও হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গত রবিবার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে বোমা ও অস্ত্রগুলো উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ইটভাটায় এসব অস্ত্রের মজুদ কারা করল পুলিশ সে বিষয়ে তদন্ত শুরু করেছে।

স্থানীয়রা জানান, রবিবার রাতে ওই ইটভাটায় কাজ করতে গিয়ে মিজান নামের এক শ্রমিক ছাদের ওপরে দুটি ব্যাগের ভেতরে জর্দার কৌটায় লাল টেপ দিয়ে মোড়ানো ৫টি বোমাসদৃশ বস্তু এবং দেশি কিছু অস্ত্র দেখতে পায়। মিজান তাৎক্ষণিকভাবে বিষয়টি ভাটা মালিককে জানালে ভাটা মালিক পুলিশে খবর দেন।

সন্ধ্যায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল পৌঁছে ছাদের ওপর থেকে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ ৫টি বস্তু এবং ১২টি রামদা ও হাঁসুয়া উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার জানান, এতগুলো অস্ত্র কীভাবে এলো, কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। এখনই কিছু বলা যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত