পিএসজিকে লিগ ওয়ান মৌসুমে প্রথম হার উপহার দিয়েছে রেনে। আক্রমণভাগে লিওনেল মেসি-নেইমার-কিলিয়ান এমবাপ্পে-আনহেল দি মারিয়াদের মতো তারকাদের নিয়েও ২-০ গোলে হেরেছে মাউরিসিও পচেত্তিনোর দল।
সেই ম্যাচের পর শুক্রবার রাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানে অ্যাঁজারের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। কিন্তু আন্তর্জাতিক বিরতিতে যাওয়ায় ম্যাচটিতে দলের দক্ষিণ আমেরিকান দুই তারকা মেসি-নেইমারকে পাচ্ছে না ফরাসি জায়ান্টরা।
তার জন্য হতাশ মাউরিসিও পচেত্তিনো। গত ২ অক্টোবর রেনের বিপক্ষে হারের পর জয়ে ফিরতে মরিয়া পিএসজির আর্জেন্টাইন কোচ বলেন, ‘এটা সবসময় সহজ নয় এবং ম্যাচের জন্য সবাইকে না পাওয়া হতাশাজনক। তবে আমাদের বড় স্কোয়াড আছে।’
কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ সময় শুক্রবার সকালে রাফিনহার জোড়া গোলে উরুগুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের ১০ম মিনিটেই পিএসজি ফরোয়ার্ড নেইমারের গোলে এগিয়ে যায় সেলেসাওরা।
আরেক পিএসজি তারকা মেসি গোল না পেলেও পেরুকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে লা আলবিসেলেস্তেরা। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।
অন্যদিকে, লিগ ওয়ানে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। ১৬ ম্যাচে অ্যাঁজার আছে চারে।
