স্বরাষ্ট্রের উইকেটরক্ষক-ব্যাটসম্যান অভি ভারত আর নেই। শুক্রবার (১৫ অক্টোবর) কার্ডিয়াক অ্যারেস্টে ভুগে আহমেদাবাদে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ২৯ বছর। ভারত তার মা ও স্ত্রীকে নিয়ে বাস করতেন।
২০১১ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন তিনি। একই বছর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় এই ডানহাতি ব্যাটসম্যানের।
স্বরাষ্ট্র, হরিয়ানা ও গুজরাটের হয়ে ৩৮টি প্রথম শ্রেণির ম্যাচ, ৩৮টি লিস্ট-এ ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৯-২০ মৌসুমের রঞ্জি ট্রফিতে স্বরাষ্ট্র দলের স্কোয়াডের অংশ ছিলেন ভারত।
ভারতের আকস্মিক মৃত্যুতে সাবেক সতীর্থ ও স্বরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জয়দেব শাহ বলেন, ‘অভির মৃত্যু খুবই বেদনাদায়ক ও আমাকে হতবাক করে দিয়েছে। তার ক্রিকেটীয় দক্ষতা ছিল অসাধারণ এবং সতীর্থ হিসেবেও ছিল দারুণ। সম্প্রতি ঘরোয়া ম্যাচে, সে উল্লেখযোগ্যভাবে ভালো করছিল। সে ছিল খুবই বন্ধুত্বপূর্ণ এবং মহৎ এক মানুষ। তার মৃত্যুতে আমরা পুরো স্বরাষ্ট্র ক্রিকে অ্যাসোসিয়েশন গভীরভাবে শোকাহত।’
