সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০২:০৭ পিএম

সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও গায়ক বাবুল সুপ্রিয়। পদত্যাগপত্র জমা দিতে মঙ্গলবার সকালে লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে যান তিনি।

সোমবার বাবুল টুইট করে জানান, মঙ্গলবার স্পিকার তাকে সময় দিয়েছেন। তার কাছেই আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেবেন। তার পরই মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ স্পিকারের বাড়িতে পৌঁছান বাবুল।

গত আগস্টে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়তে হয় বাবুলকে। মন্ত্রিত্ব থেকে বাদ পড়ার পরই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। তারপর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে তৃণমূলে যোগ দেন। সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য স্পিকারের কাছে একাধিকবার আবেদন জানান। কিন্তু নানা কারণে সেই সাক্ষাৎ হয়ে ওঠেনি।

বাবুল আগেই জানিয়েছিলেন, তিনি যাদের টিকিটে নির্বাচিত, সেই দল ছেড়ে অন্য দলে গেলে পুরোনো দলের সংসদ সদস্য পদ আঁকড়ে ধরে রাখা ‘অনৈতিক’ হবে। ২০১৪-তে লোকসভা ভোটে বিজেপির টিকিটে আসানসোল থেকে প্রার্থী হয়েছিলেন বাবুল। সেখান থেকে জিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন।

এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আরও বড় ব্যবধানে জেতেন তিনি। এ বারও মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন। কিন্তু সম্প্রতি মোদীর মন্ত্রিসভা সম্প্রসারণে বাদ পড়েন বাবুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত