নোয়াখালীর চৌমুহনীতে মন্দির-পূজা মণ্ডপে হামলা-ভাঙচুর, লুটপাটের ঘটনার পর বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. কামরুজ্জামান শিকদারকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অনুমোদনক্রমে ওসি মো. কামরুজ্জামান শিকদারকে শিল্প পুলিশে বদলি করা হয়েছে।
তার স্থলে জেলা রিজার্ভ অফিসের আরওআই মীর জাহেদুল হক রনিকে বেগমগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে গত ১৮ অক্টোবর বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. কামরুজ্জামান শিকদারকে প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনের অনুমোদন চেয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে পত্র প্রেরণ করা হয়।
ওই পত্রে ওসিকে প্রত্যাহারের জন্য গত ১৫ অক্টোবর সৃষ্ট ঘটনার কথা উল্লেখ করা হয়।
উল্লেখ্য, আগামী ১২ নভেম্বর বেগমগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচনের তফসিল ঘোষণার কারণে নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হয়েছে।
