পাখির মাংসে ডিবি কর্মকর্তার জন্মদিনের ভোজ নিয়ে সমালোচনা

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০৫:৩৮ পিএম

জন্মদিনে পাখির মাংস দিয়ে ভোজের আয়োজন করে সমালোচিত হয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) অলক কান্তি শর্মা।

বৃহস্পতিবার রাতে হরিপুরের তারু মিয়া রেস্টুরেন্টে পাখির মাংস দিয়ে খাওয়ার সময় একটি ফেসবুকে ছড়িয়ে পড়লে পোস্ট করলে সমালোচনা হয় ডিবি কর্মকর্তাকে নিয়ে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম পাখির মাংসে জন্মদিনের ভোজের ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে এই পুলিশ কর্মকর্তার আইনের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়ে প্রশ্ন তোলেন।

আব্দুল করিম কিম বলেন, হরিপুরের তারু মিয়া রেস্টুরেন্টসহ সবকটি রেস্টুরেন্টে বন্য পাখির মাংস বিক্রি হয় এবং সেখানে যারা যান তারা সেসব খেতেই যান। অলক শর্মা পড়াশোনা করেছেন সিলেটে এবং তার সঙ্গে যারা ছিলেন, তারাও দীর্ঘদিন ধরে সিলেটেই আছেন এবং জানেন সেখানে কী বিক্রি হয় ও কী খেতে সবাই সেখানে যান। এটি দায় এড়ানোর একটি চেষ্টা। তবে দায়িত্বশীল সবাইকে আরও বেশি সতর্ক হতে হবে।

তার দেওয়া ফেসবুক পোস্টের কমেন্টে অলক শর্মা বলেন, এক ছোট ভাই ফান করে আমাকে নিয়ে এমন একটা পোস্ট দিয়ে দেয়। আমি খুবই ব্যথিত আমার অজান্তে এরকম একটা পোস্ট দিয়ে দেওয়ার জন্য। আসলে আমার জন্মদিন উপলক্ষে ওদেরকে খাইয়েছিলাম, কিন্তু এটা কোনো পাখির মাংস ছিল না। কোয়েল এবং মুরগির মাংস ছিল।

আব্দুল করিম সংবাদমাধ্যমকে বলেন, সিটি করপোরেশনের কাউন্সিলর বা এই পুলিশ কর্মকর্তার মতো দায়িত্বশীল অসংখ্য ব্যক্তি এসব রেস্টুরেন্টের নিয়মিত ক্রেতা। আর তাদের বিরুদ্ধে কখনো কোনো আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করে না বনবিভাগ বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ। এ কারণেই এত সমালোচনার পরও বন্ধ হচ্ছে না অবাধে পাখি শিকার ও বিক্রি।

এ বিষয়ে জানতে অলক কান্তি শর্মার মোবাইল নম্বরে শুক্রবার সকালে যোগাযোগ করলেও তা বন্ধ পাওয়া যায়। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি ও মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, অলক শর্মা যা করেছেন সেটি ব্যক্তিগতভাবে করেছেন। তবে একটি দায়িত্বশীল অবস্থানে থেকে এ ধরনের কাজ করে সেটি ফেসবুকে পোস্ট দেওয়া দায়িত্বজ্ঞানহীন বলে মনে করছি। আমরা বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলব এবং বিস্তারিত জানার চেষ্টা করব।

বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন বলেন, সিলেট বিভাগের হাওরাঞ্চলে বন্য পাখি শিকার মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে গেছে। এটি বন্ধে যারা এসবের সঙ্গে জড়িত তাদের নিয়ে সার্বিকভাবে সচেতনতা কর্মসূচি প্রয়োজন। দ্রুতই সিলেটের হরিপুরসহ যেসব জায়গায় বন্য পাখি বিক্রি হয়, সেখানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত