সাপ তাড়ানোর কার্বলিক অ্যাসিড পানে শিশুর মৃত্যু

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১১:০১ পিএম

বাড়িতে সাপ তাড়ানোর জন্য রাখা কার্বলিক অ্যাসিড পান করে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে শিশুটিকে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটির নাম সাঈম ইসলাম। বাড়ি পাশের কাপাসিয়া উপজেলার শ্রীপুর সীমান্তবর্তী এলাকা সিংহশ্রী ভিটিপাড়া এলাকায়। সে ওই গ্রামের নাঈম আহমেদের পুত্র।

স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালের দিকে শিশু সাঈম ঘরের ভেতর খেলছিল। খেলতে খেলতে ঘরের কোনায় রাখা সাপ তাড়ানোর বিষ (কার্বলিক অ্যাসিড) মুখে দিয়ে খেয়ে ফেলে। কিছুক্ষণ পরে বাড়ির লোকজন টের পায়। পরে দ্রুত আশপাশের ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়ানো হয়। বিকেলে অবস্থার অবনতি হলে পাশের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল আহসান জানান, শিশু সাঈমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অনেক দেরিতে হাসপাতালে আনার কারণে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটল।

তিনি বলেন, যে কোনো স্বাস্থ্য সমস্যায় দ্রুত সরকারি হাসপাতালে নিতে হবে রোগীকে। তাহলেই দুর্ঘটনা এড়ানো যাবে।

শ্রীপুর মডেল থানার এসআই নাইমুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। কাপাসিয়া থানার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ করা হয়। পরে নিহতের স্বজনদের মানবিক আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত