শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক কিশোর। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে নীলফামারী সদরের নীলসাগর সড়কের গোড়গ্রাম ইউনিয়নের আমতলী নামক স্থানে।
নিহত কিশোর মোস্তাকিন (১৫) সদর উপজেলার চওড়া ইউনিয়নের কাঞ্চনপাড়া আলসিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
নিহত পরিবারের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শখের বসে মোস্তাকিন বাবার মোটরসাইকেল নিয়ে চালাতে বের হন। তিনি হেলমেট ব্যবহার না করে মোটরসাইকেল চালিয়ে নীলসাগর সড়কে চলে যান। ওই সময় বিপরীত দিক দিয়ে একটি ট্যাংকলরি আসছিল। মোস্তাকিন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্যাংকলরি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে নিহত হন তিনি।
নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্যাংকলরিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
