পার্বতীপুরে ট্রেনের টিকিট মেলে কম্পিউটারের দোকানে, কালোবাজারি আটক

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০৯:০১ পিএম

অনলাইনে ট্রেনের টিকিট যেন যাত্রীদের এখন সোনার হরিণ। অনেক সময়ই যাত্রীদের রেলস্টেশন রেখে কম্পিউটারের দোকানে দোকানে টিকিট সংগ্রহ করতে হয়। দিনাজপুরের পার্বতীপুরে পলাশ চন্দ্র রায় নামে এক কম্পিউটার দোকানিকে ট্রেনের টিকিট কালোবাজারি করার দায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে পার্বতীপুর রেল পুলিশ অভিযান চালিয়ে ট্রেনের টিকিট, মোবাইলের সিমকার্ড ও অনলাইন টিকিট সংগ্রহের সরঞ্জামাদি উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থলে পলাশ চন্দ্র রায়কে (২৫) ভ্রাম্যমাণ আদালত ১ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রীতম সাহা।

পার্বতীপুর রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্ল্যাহ আল মামুন জানান, শহরের কুদ্দুস সুপার মার্কেটে হৃদয় টেলিকম নামে একটি কম্পিউটার দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকান মালিক পলাশ চন্দ্র রায়কে টিকিটসহ হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় হৃদয় টেলিকম দোকান থেকে ঢাকাগামী ৩০টি ট্রেনের অনলাইন টিকিট ও মোবাইল ১টি সিমকার্ড উদ্ধার করা হয়।

পলাশ পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বান্নিরঘাট গ্রামের বাসিন্দা।

পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী বলেন, টিকিট মজুত করে রাখা একটি গুরুতর অপরাধ। কিছু অসৎ ব্যবসায়ী সাধারণ যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত টাকা নিয়ে টিকিট বিক্রি করছে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা বলেন, রেলওয়ের ওয়েব সাইটে ঢুকে ভুয়া ইমেইল অ্যাকাউন্ট খুলে, একাধিক ব্যক্তির নামে এনআইডি নম্বর দিয়ে অবৈধভাবে টিকিট সংগ্রহ করে। সকাল ৮টার দিকে অনলাইনে প্রবেশ করে টিকিটগুলো কেটে জমা করে রাখে। পরে অতিরিক্ত টাকার বিনিময়ে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করে।

তিনি আরও যারা ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করবে তাদের রেলওয়ে আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত