আইপিএলের নতুন দুই দল আহমেদাবাদ ও লক্ষ্ণৌ

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০১:২১ এএম

আইপিএলের আগামী আসরে দল বাড়ার বিষয়টি আগে থেকেই জানা ছিল ক্রিকেট ভক্তদের। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার জানানো হলো নতুন সেই দল দুটির নাম।

আহমেদাবাদ ও লক্ষ্ণৌ নামে নতুন দুই দল দেখা যাবে ২০২২ সালের আইপিএলে। এই দুটি দলের মালিকানা বিক্রি হয়েছে ১২ হাজার ৭১৫ কোটি রুপিতে।

৭ হাজার ৯০ কোটি রুপিতে আরপিএসজি গ্রুপ মালিকানা পেয়েছে লক্ষ্ণৌয়ের। আইপিএলের সাবেক দল রাইজিং পুনে সুপারজায়ান্টের মালিকানাও ছিল তাদের।

আর ৫ হাজার ৬২৫ কোটিতে আহমেদাবাদের মালিকানা দেওয়া হয়েছে আন্তর্জাতিক সংস্থা সিভিসি ক্যাপিটালসকে।

নতুন দুই ফ্র্যাঞ্চাইজির জন্য বিসিসিআইয়ের ভিত্তিমূল্য ছিল ২ হাজার কোটি রুপি। সেখানে আরপিএসজি বিড করেছে ভিত্তিমূল্যের সাড়ে তিন গুণ। আর সিভিসি আড়াই গুণ।

এই দুটি প্রতিষ্ঠান ছাড়াও নতুন দল কেনার জন্য দরপত্র কিনেছিল আরো ২০টি প্রতিষ্ঠান। যে তালিকায় ছিল আদানি গ্রুপ, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবারের মতো নাম।

২০০৮ সাল থেকে আট দলের অংশগ্রহণে শুরু হয় আইপিএল। ২০১১ আসরে হয় ১০ দল নিয়ে। পরের দুই বছরে অংশ নেয় ৯টি করে দল। বাকি আসরগুলোয় খেলেছে আট দল করে। সামনের আসর থেকে দেখা যাবে ১০ দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত