নোয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতাকে পুঁজি করে নোয়াখালী নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও পুলিশী হয়রানির অভিযোগ তুলে এর প্রতিবাদে সাংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলার রশিদ কলোনির সাবেক এমপি মো. শাহজাহানের বাসার চতুর্থ তলার হল রুমে এ সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, ‘দুর্গাপুজায় কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় চৌমুহনীসহ জেলার কয়েকটি স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের পূজামণ্ডপে একদল উগ্রবাদী লুটপাট, ভাংচুর এবং নৈরাজ্য সৃষ্টি করে। বিএনপি সর্বদা ধর্মীয় সৌহার্দ্য এবং সম্প্রীতিতে বিশ্বাস করে। ধর্মীয় সহিংসতা নিয়ে ইতিমধ্যে নোয়াখালীতে অনেকগুলো মামলা হয়েছে। প্রত্যেকটি মামলায় বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়েছে। কিন্তু ঘটনার সময় অনেকেই এলাকায় ছিলেন না’।
অবিলম্বে ধর্মীয় সহিংসতাকে পুঁজি করে রাজনৈতিক হয়রানি বন্ধসহ গ্রেপ্তার সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়াদার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, জেলা কৃষক দলের সভাপতি এডভোকেট রবিউল হাসান পলাশ প্রমূখ।
