দিনদুপুরে দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা হাজতের জানালা ভেঙে এক ওয়ারেন্টভুক্ত আসামির পলায়নের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডিউটি অফিসার কেবিএম শাহরিয়ার ও কনস্টেবল সাবিনা ইয়াছমিনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার পার্বতীপুর-ফুলবাড়ী সার্কেল আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, একটি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি মোকারুল ইসলামকে (৩২) রাত ১২টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই আসামি মোকারুল ইসলামকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাজতখানার জানালার তিনটি গ্রিল ভেঙে ফেলে সুকৌশলে পালিয়ে যায় আসামি।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর জানান, থানা হাজতে ছিল আসামি। পুলিশের অগোচরে হাজত খানার পাশের দরজার তালা ভেঙে স্টোর রুমে প্রবেশ করে সে। পরে স্টোর রুমের গ্রিল কেটে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার পার্বতীপুর-ফুলবাড়ী সার্কেল আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে পুলিশের উপ-সহকারী পরিদর্শক কেবিএম শাহরিয়ার ও কনস্টেবল সাবিনা ইয়াছমিনকে দিনাজপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
