কালকিনিতে দুই স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১০:৫৮ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ও শিকারমঙ্গল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নে  নির্বাচনের পোস্টার লাগাতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর  ছেলেসহ সাত কর্মী। গত বৃহস্পতিবার বিকেল থেকে রাতের মধ্যে এসব ঘটনা ঘটে।

আলিনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান মিলনের বাড়ির সামনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিস করতে নিষেধ করায় তার বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলায় তার ব্যবহৃত একটি প্রাইভেট কার ও সমর্থকদের ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় ১০ জন আহত হয় বলে জানান তিনি।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহীদ পারভেজ অভিযোগ করেন, তার নির্বাচনী অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর মিলনের সমর্থকরা হামলা চালিয়েছে।

শিকারমঙ্গল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল আলম মৃধা উত্তর চরফতে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভার আয়োজন করে। সভাস্থল থেকে হঠাৎ উত্তেজিত জনতা আমার বাড়িতে হামলা চালায়। এসময় আমার ভাই বোনসহ ৭ জন আহত হয়।

অভিযোগের বিষয় সিরাজুল আলম মৃধা বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমাদের ওপর হামলা করে। আমরা তাদের ওপর কোনো হামলা করিনি।

এদিকে গত বৃহস্পতিবার রাতে নাটোরের কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক লিটনের পোস্টার টানাতে আসে সমর্থকরা। হঠাৎ ১৫-২০ জন লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে ভ্যান ভাঙচুর করে এবং পোস্টার ছিনিয়ে নিয়ে যায়। এ সময় মোজাম্মেল হকের ছেলে নাজমুল সিয়াম (১৭) ও ভ্যানচালকসহ ৭ জন আহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত