পরিকল্পিত দেশ গঠনে সরকার পৌরসভাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে একজন করে পরিকল্পনাবিদ নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স-বিআইপি আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, পরিকল্পিত উন্নয়নের জন্য পরিকল্পিত দেশ প্রয়োজন। এক্ষেত্রে পরিকল্পনাবিদের অংশগ্রহণ অনস্বীকার্য। টেকসই উন্নয়নের জন্য সবকিছু পরিকল্পিতভাবে করতে হবে।
তিনি বলেন, শহর-নগর-গ্রাম পরিকল্পনা অনুযায়ী না করলে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে।
তাজুল ইসলাম বলেন, স্বল্প জমি ব্যবহার করে অধিক নাগরিক সেবা নিশ্চিত করার জন্য পরিকল্পনার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে পৌরসভা ছাড়াও যেখানে যেখানে প্রয়োজন সেখানে পরিকল্পনাবিদ নিয়োগের ব্যবস্থা নেবে সরকার।
পরিকল্পিত দেশ গঠনে নগর পরিকল্পনাবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আবাসিক, বাণিজ্যিক, স্কুল-কলেজ, ক্লিনিক-হাসপাতাল, খেলার মাঠ, বিনোদন কেন্দ্র কোথায় হবে এগুলো নির্ধারণ করার দায়িত্ব তাদের।
মন্ত্রী বলেন, গ্রাম-নগর সবখানেই অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মিত হচ্ছে। এজন্য নগরবিদ এবং স্থাপত্যবিদসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় মন্ত্রী বলেন, ওয়াসার নিকট থেকে খালের দায়িত্ব দুই সিটি করপোরেশনকে দেওয়ার পর তারা দখলকারীদের নিকট থেকে উদ্ধার করে সংস্কার করছে।
রাজধানীর সকল খালগুলোকে হাতিরঝিলের আদলে গড়ে তোলা হবে জানিয়ে তিনি বলেন, এটা হলে ঢাকা বিশ্বের মধ্যে একটি আধুনিক দৃষ্টিনন্দন, বাসযোগ্য নগরে রূপান্তরিত হবে।
তাজুল ইসলাম জানান, যেসব পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে সেসব পৌরসভার রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে, পৌরসভার রাজস্ব আয় কয়েকগুণ বৃদ্ধিসহ বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব সাফল্য এসেছে।
পাশাপাশি এসব প্রতিষ্ঠানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেন তিনি।
বিআইপি’র প্রেসিডেন্ট প্রফেসর ড. আখতার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং হেড অব জার্মান ডেভেলপমেন্ট করপোরেশন জোহানেস স্নেইডার প্রমুখ।
