মেসির ব্যালন ডি’অর জয় নিয়ে প্রশ্ন তুললেন ক্রুস

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ০১:৩০ পিএম

রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এবারের ব্যালন ডি’অর জয় অনেককে খুশি করতে পারেনি।

তার মধ্যে একজন টনি ক্রুস। মেসির ব্যালন ডি’অর জয় নিয়ে সমালোচনায় করলেন রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার।

অবশ্য ব্যালন ডি’অর জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে অভিনন্দন জানিয়েছেন ক্রুস। প্রশংসা করেছেন মেসির ফুটবলীয় সক্ষমতার। তবে ক্রুস এ-ও জানালেন, এবারের এই পুরস্কার পাওয়া উচিত ছিল তার ক্লাব সতীর্থ করিম বেনজেমার।

ক্রুসের মতে, মেসির সেরা তিনে জায়গা পাওয়াও উচিত হয়নি। তার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রবার্ট লেওয়ানদভস্কি এবং তিনে জোর্গিনহো।

এক পোডকাস্টে ক্রুস বলেন, ‘সবার আগে, আমি অবশ্যই বলব, ব্যক্তিগত পুরস্কারের বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। যাই হোক, এমন পুরস্কারের ক্ষেত্রে ন্যায্য হতে হয়। আমার মতে, তেমনটা মোটেও ঘটে না।’

রিয়াল তারকা আরও বলেন, ‘আমার জন্য, বেনজেমার এক নম্বর হওয়া উচিত। আপনি যদি সত্যিই গত বছরের সেরা খেলোয়াড় বাছাই করেন। কারণ আমি তাকে খুব কাছ থেকে দেখেছি, সে কেমন ব্যতিক্রমী ছিল।’

ক্রুস বলেন, ‘কোনো সন্দেহ নেই যে, ক্রিস্টিয়ানো রোনালদোর পরে মেসি এই দশকের সেরা খেলোয়াড়। তার যে দক্ষতা তা অন্যদের মাঝে নেই। এই পুরস্কারের প্রথম জায়গাটায় সবচেয়ে বড় ভুল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত