ব্যক্তির চলাফেরার অধিকার নিরঙ্কুশ নয় : আপিল বিভাগ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ০১:৪৯ এএম

বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তির চলাফেরার অধিকার নিরঙ্কুশ নয় বলে পর্যবেক্ষণ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ বলেছে, বিশেষ পরিস্থিতিতে আইন মেনে এ অধিকার নিয়ন্ত্রণ করা যাবে।

সুনির্দিষ্ট বিধি বা আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত দুর্নীতি মামলার আসামি বা সন্দেহভাজন কোনো ব্যক্তির দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দিতে আদালতের অনুমতি প্রয়োজন- হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিলের রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছে আপিল বিভাগ। গতকাল বুধবার ১৮ পৃষ্ঠার এ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

কারও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালতের অনুমতি প্রয়োজন-এ বিষয়ে হাইকোর্টের তিনটি রায় ও দুটি অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে দুদকের পাঁচটি লিভ টু আপিল গত ২৭ সেপ্টেম্বর পর্যবেক্ষণ ও সংশোধনসহ নিষ্পত্তি করে রায় দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল বেঞ্চ। দুদকের আইনজীবী মো. খুরশিদ আলম খান সেদিন জানিয়েছিলেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, কারও বিরুদ্ধে ফৌজদারি অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইনি বিধান মেনে তার বিদেশ গমন আটকানো যাবে। তবে, কেউ যদি আইনি বিধানকে পাশ কাটিয়ে দ্রুত বিদেশ যাওয়ার চেষ্টা করে তাহলে ব্যক্তির বিদেশ গমনে বাধা দেওয়ার বিষয়টি তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট আদালতকে জানাতে হবে। নরসিংদীর আতাউর রহমান নামের এক ব্যক্তির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া সংক্রান্ত চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল নিষ্পত্তি করে ১৬ মার্চ রায় দেয় হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত