‘বিদ্রোহ’ ও অন্তর্দ্বন্দ্বকে দুষছেন নেতাকর্মীরা কালিয়াকৈর

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১২:৪০ এএম

গাজীপুরের কালিয়াকৈরে একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাত্র একটি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী জয় পেয়েছেন। একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ এবং স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নৌকার এমন ভরাডুবি হয়েছে বলে দাবি তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের। এতে করে তারা ক্ষুব্ধ। তবে বিভিন্নভাবে ক্ষতি বা হয়রানির শিকার হতে পারেন এমন আশঙ্কায় দলের বেশিরভাগ ক্ষুব্ধ নেতাকর্মীই এ ব্যাপারে তাদের নাম প্রকাশ করতে রাজি হননি।  

গত রবিবার কালিয়াকৈর পৌরসভা ও উপজেলার ফুলবাড়িয়া, চাপাইর, বোয়ালী, মধ্যপাড়া, আটাবহ, সূত্রাপুর ও ঢালজোড়া ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। নির্বাচনে শুধুমাত্র ফুলবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শাহ আলম সরকার নৌকা প্রতীকে জয় পেয়েছেন। বাকি একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে নৌকার ভরাডুবি হয়েছে। নৌকা প্রতীক নিয়ে পৌরসভা নির্বাচনে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল। তাকে ৬ হাজার ৪৫২ ভোটের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

দলীয় প্রার্থীদের এমন ভরাডুবি প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর বলেন, নৌকার প্রার্থীদের পরাজয়ের মূল কারণ নির্বাচনে দলের বিদ্রোহীদের স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং দলের অভ্যন্তরীণ কোন্দল। তবে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক এসব বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত